রাজধানীর বাড্ডায় লরির ধাক্কায় ইলিয়াস ঢালী (৪৬) নামে এক বাইসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
ইলিয়াস ঢালী বরিশালের উজিরপুর উপজেলার কেশবকাঠি গ্রামের বাসিন্দা।
বর্তমানে তিনি মেরুল বাড্ডা আলাতুন্নেছা স্কুলের পাশের গলির একটি বাসায় পরিবার নিয়ে থাকতেন।
সোমবার (৫ জুলাই) সকালে মৃত ইলিয়াস ঢালীর চাচাতো ভাই হেমায়েত হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।
হেমায়েত জানান, ইলিয়াস পরিবাগে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক ছিলেন। রোববার (৪ জুলাই) ডিউটি শেষ করে বাসায় ফিরে রাত ১০টার দিকে বাইসাইকেল নিয়ে বের হন। পরে বাড্ডার প্রগতি সরণির ইউলুপ মোড়ে একটি লরি তার বাইসাইকেলকে ধাক্কা দিয়ে দ্রুতবেগে চলে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিতসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল (ঢামেক) কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে মধ্য বাড্ডা ফুজি টাওয়ারের সামনে থেকে আহতাবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কী গাড়ি তাকে ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।