রাজধানীর একটি বাসায় খেলার সময় মায়ের সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লেগে ইবনে ফারহান (১১) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ৩টার দিকে উত্তর শাহজাহানপুরের আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টায় তাকে মৃত ঘোষণা করেন। আলী ইকরামুল কবির ও আবিদা সুলতানা দম্পতির একমাত্র সন্তান ছিল ফারহান। স্থানীয় ন্যাশনাল আইডিয়াল স্কুলের চতুর্থ শ্রেণিতে পড়ত সে।
হাসপাতালে শিশুটির মা আবিদা সুলতানা জানান, রুমের ভেতরে খেলা করছিল ফারহান। খেলতে খেলতে রুমের একপাশে থাকা সেলাই মেশিনের সঙ্গে ধাক্কা লাগে তার। এতে নাক ও মুখে আঘাত পেয়ে রক্তক্ষরণ হয়। স্বজনদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, স্বজনরা দাবি করছেন, খেলার সময় এ দুর্ঘটনা ঘটেছে। তবে বিস্তারিত তদন্তের জন্য শাহজাহানপুর থানা পুলিশকে জানানো হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।