রাজধানীর শাহবাগে ৩৫ লাখ টাকার ছিনতাই ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে, ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে একথা জানান মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
তিনি জানান, এসময় আটককৃতদের কাছে থেকে ধারালো দেশীয় অস্ত্র, হাতুড়ি এবং ছিনতাইয়ের ২ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত রবিবার ভুক্তভোগী শহিদুল ইসলাম তাঁতিবাজার থেকে ৩৫ লাখ টাকা নিয়ে ব্যাংকে জমা করার জন্য রিকশায় বের হয়। পরে দুপুরে টিএনটি এক্সচেঞ্জ পৌছালে প্রায় আট থেকে ১০ জন রিক্সা থামিয়ে তাকে ঘিরে ধরে। এ সময় শহিদুলের ডান চোখে ছুরি দিয়ে আঘাত করে। একইসাথে ব্যাগভর্তি ৩৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে শাহবাগ থানায় মামলা করেন ভুক্তভোগী।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় সরাসরি জড়িত ছিল বলে স্বীকার করেছে।