রাজশাহীর বাঘায় আম বাগান থেকে শামিমা আক্তার সিমা (৩৫) নামের এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার আরিফপুর বিলের একটি আম বাগান থেকে এই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাঘা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারি জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে বিলের মধ্যে আম বাগানে মরদেহ ফেলে রাখা হয়। তার গলায় আঘাতের চিহৃ রয়েছে। গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।
বাজুবাঘা ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড. ফিরোজ আহম্মেদ রঞ্জু জানান, নিহত শামিমা আক্তার সিমা বাজুবাঘা ইউনিয়নের আরিফপুর দেওয়ান পাড়া গ্রামের আতব আলী সরকারের মেয়ে। তিনি বাঘা উপজেলা সদরে সাবেক ইউপি চেয়ারম্যান মনোয়ারুল ইসলাম মামুনের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতো। কাজের সুবাদে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন সিমা। দুই বছর আগে সড়ক দুর্ঘটনায় স্বামী মারা যাওয়ার পর তিনি একাই বসবাস করতেন।