রাজশাহীর মুরারীপুরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও দুইজন আহত হয়েছে।
বুধবার বিকেল ৩টার দিকে পবার মুরারীপুরের রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, দুর্ঘটনায় নিহতদের মধ্যে আনসার আলী নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে। নিহত আরেকজন নারী। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিএনজির যাত্রীরা চাঁপাই থেকে হাসপাতালের উদ্দেশ্যে আসছিলেন। এ সময় অপরদিক থেকে আসা এক ফাঁকা ট্রাকের সাথে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যান এবং বাকি ২ জন আহত হন।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।