রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা সংক্রমণে মারা গেছেন সাতজন ও উপসর্গে আটজন।
সোমবার (২ অগাস্ট) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃতদের মধ্যে রাজশাহীর ছয়জন, নাটোরের একজন, নওগাঁর দুইজন, পাবনার পাঁচজন ও কুষ্টিয়ার একজন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৭ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৯ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৭৪ জন ও উপসর্গ নিয়ে ২১৬ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৯০ জন।
পিসিআর মেশিনে গত ২৪ ঘণ্টায় ১৮৮টি নমুনা পরীক্ষায় ৪৪ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ২৭৫ জনের নমুনা পরীক্ষায় ৮৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩১ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭ দশমিক ১৭ শতাংশ।
পুরো জুলাই মাস জুড়ে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে করোনা ও উপসর্গ নিয়ে ৫৩৪ জনের, পজিটিভ ১৬৯ জন। শুধু আগস্ট মাসের ২ তারিখ পর্যন্ত মৃত্যু ৩৩ জনের, পজিটিভ ছিলেন ১৩ জন।