বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক স্থাপন ও কৌশলে যৌন হয়রানির অভিযোগে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আসাদুজ্জামান সরকারের বিরুদ্ধে মামলা হয়েছে। ২২ ফেব্রুয়ারি এজাহার দাখিল করেন এক নারী শিক্ষার্থী। পরদিন রাতে আরএমপির রাজপাড়া থানায় মামলাটি রেকর্ড করা হয়। আসাদুজ্জামান সরকারের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জের শোভাগঞ্জ গ্রামে।
আরএমপির রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হক জানান, আসাদুজ্জামানের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি রেকর্ড করা হয়েছে। এক শিক্ষার্থী মামলা করলেও একাডেমির আরও শিক্ষার্থীর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পুলিশ মামলার তদন্ত শুরু করেছে।
অভিযোগের বিষয়ে জানতে আসাদুজ্জামান সরকারের মোবাইল ফোনে কল দেওয়া হলে সেটি বন্ধ পাওয়া যায়। এই বিষয়ে জানতে রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের মন্তব্য চাইলে তিনি বলেন, আইন নিজের গতিতে চলবে। মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার উপপরিদর্শক কাজল নন্দী বলেন, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।