চট্টগ্রামের আনোয়ারায় রান্নাঘরের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলার বরুমচড়া ইউনিয়নের ইসহাক সওদাগরের বাড়িতে এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন— আবদুর রহমান, আরব আলী, মো. ফরহাদ ও তানজিনা আক্তার।
স্থানীয়রা জানায়, গ্যাস সিলিন্ডারের মুখে থাকা প্লাস্টিকের ক্যাপ সহজে না খোলায় আগুন দিয়ে গলানোর চেষ্টা করেন তারা। এ সময় সিলিন্ডারটি বিস্ফোরণে চারজন দগ্ধ হন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, রাত সোয়া ৮টার দিকে দগ্ধ চারজনকে হাসপাতালে আনা হয়। বর্তমানে তারা বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। তারা সকলে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।