গাজীপুরের পূবাইলে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে খোকন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গী-ভৈরব রেল সড়কের পূবাইল কলেজ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খোকন মিয়া (৩৩) পূবাইলের বসুগাঁও এলাকার মোস্তফা মিয়ার ছেলে।
স্থানীরা জানান, সকাল সাড়ে ৮টার দিকে খোকন মিয়া রেললাইন দিয়ে হেঁটে পূবাইল কলেজ গেট এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পেছন থেকে ঢাকাগামী সিলেট মেইল ট্রেন একই এলাকা অতিক্রম করছিল। অপরদিকে বিপরীত দিক থেকে আসা অপর লাইন দিয়ে অন্য একটি ট্রেন যাচ্ছিল। এতে দ্বিধায় পরে খোকন মিয়া এক লাইন থেকে অপর লাইনে যাওয়ার চেষ্টা করেছিলেন। এ সময় সিলেট মেইল ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
পূবাইল রেলওয়ে স্টেশনমাস্টার মাহবুব বলেন, সকাল ৮টা ৫২ মিনিটে সিলেট মেইল ট্রেন পূবাইল স্টেশন অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি কলেজ গেট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। পরে তার স্বজনরা লাশ নিয়ে গেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।