কোপা ইতালিয়ার সেমিফাইনালের ফার্স্ট লেগে ইন্টার মিলানকে ওদেরই মাঠে হারিয়েছে য়্যুভেন্তাস। শুরুতে পিছিয়ে পড়লেও রোনাল্দোর জোড়া গোলে ২-১ এ জিতে মাঠ ছাড়ে তুরিনের ওল্ড লেডিরা।
ঘরের মাঠে সেমির সেকেন্ড লেগ আগামী সপ্তাহে। লিগে সপ্তাহ দুই আগে য়্যুভেন্তাসকে হারিয়েছিল ইন্টার মিলান। ঘরের মাঠে সেই আত্মবিশ্বাস সঙ্গী করেই নেমেছিল কন্তের দল। য়্যুভদের জন্য ম্যাচটা একরকম প্রতিশোধেরও ছিল।
অ্যাওয়ে ম্যাচ হলেও শুরু থেকেই অ্যাটাকিং ছিল য়্যুভেন্তাস। ইন্টার এঁকেছিলো কাউন্টারের কৌশল। পরিকল্পনার বাস্তবায়নে সময় লাগেনি। ম্যাচ যখন মোটে নয় মিনিটে, তখনই লিড নেয় ইন্টার মিলান। বারেলার সেটআপে মার্তিনোজের ওয়ান টাচ ফিনিশিং।
পিছিয়ে পড়ে ইন্টার ডিফেন্স লাইনে চাপ বাড়ায় য়্যুভেন্তাস। দুই উইং ব্যবহার করে চালায় আক্রমণ। কুয়াদ্রাদোকে বৈধ উপায়ে আটকানো যায়নি। ভিএআরে পাওয়া স্পটকিকে রোনাল্দো স্পট অন। ম্যাচে ফেরে সমতা।
খানিক বাদেই ইন্টারের ব্যাক লাইনে আরও বড় ভুল। স্ক্রিনারের ব্যাকপাস ধরতে গিয়ে বাস্তোনি আর হান্ডানোভিচের ভুল বোঝাবুঝি। ঝোপ বুঝে কোপ মারতে মোটেও দেরি হয়নি রোনাল্দোর। ২-১ এর লিডে য়্যুভে।
সেকেন্ড হাফ। এবার ইন্টার অ্যাটাকিং, য়্যুভে ডিফেন্সিভ। পুরো ম্যাচ জুড়ে দারুণ খেলা অ্যালেক্সি সানচেজ সুযোগ পেয়েছিলেন। তার শটটা গোললাইন থেকে ফিরিয়েছেন ডেমিরাল।
খানিক বাদে সানচেজের সাজিয়ে দেয়া বলে সহজ সুযোগ পেয়েছিলেন ডারমিয়ানও। এবারে ত্রানকর্তা বুফন। লিড নিয়েই তাই ঘরের মাঠে সেকেন্ড লেগে নামবে রোনাল্দোর দল।