টাঙ্গাইল; র্যাবের পৃথক অভিযানে নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০ গ্রাম হেরোইন ও ৩০লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। শনিবার (৫ জুন) সকালে টাঙ্গাইল র্যাব ১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, মির্জাপুর থানাধীন গোড়াই রাকের টেকি এলাকার তোতা খানের স্ত্রী শাহানাজ বেগম দীর্ঘদিন ধরে হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ২০ গ্রাম হেরোইন পাওয়া যায়। যার মূল্য আনুমানিক ২ লাখ টাকা। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে মির্জাপুর থানাধীন গায়রা বেতিল এলাকার মেহের আলী ছেলে লাল মিয়ার মুদি দোকানের পেছনে অভিযান পরিচালনা করে ৩০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ সময় উপজেলার তক্তার চালা এলাকার নীল মোহন নীলু সরকারের ছেলে অজয় সরকার (২১) ও একই এলাকার মৃত ফরিদ মিয়ার ছেলে শামীম মিয়াকে (২২) আটক করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য হেরোইন এবং দেশীয় চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানাসহ অন্যান্য থানা এলাকায় বিক্রির উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। তাদের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানায় ২টি নিয়মিত মাদক মামলা দায়ের করা হয়েছে।