করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে বৃহস্পতিবার থেকে দেশজুড়ে লকডাউন নিশ্চিত করতে পুলিশ, বিজিবির সঙ্গে সেনাবাহিনী মোতায়েন করা হবে। রোববার (২৭ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, সামনে লকডাউন আসছে। সোমবার থেকে আংশিক লকডাউন আর বৃহস্পতিবার থেকে শুরু হবে পূর্ণ লকডাউন। এ লকডাউন মেনে চলা হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে পুলিশ থাকবে, বিজিবি থাকবে, সেনাবাহিনীর সদস্যরাও এবার থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে সুন্দরভাবে লকডাউন পালন করে ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধ ও মৃত্যুর সংখ্যা কমিয়ে আনা।
তিনি আরও বলেন, করোনার রোগী দিন দিন বাড়ছে। আমাদের উত্তরাঞ্চলের জেলাগুলো এবং অন্য জেলায় করোনা ছড়িয়েছে। প্রায় জেলাতেই ২০ শতাংশের বেশি, কোথাও ৩০ শতাংশের বেশি সংক্রমণ হয়েছে।
মন্ত্রী বলেন, সামনের দিনগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। আমরা আশা করব, যে যেখানেই আছেন সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মাস্ক পরবেন, সামাজিক দূরত্ব বজায় রাখবেন, স্যানিটাইজ করবেন এবং লকডাউন মেনে চলবেন।