করোনা সংক্রমণ কমাতে সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে রাজধানীর সড়কে যানবাহনের চাপ রয়েছে। যানজট বেঁধেছে রাজধানীর বিভিন্ন প্রবেশ ও বাহির পথে।
মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। তবে, হোটেল-রেস্তোরাঁ, শপিংমল ও দোকানগুলো মানা হচ্ছে নির্দেশনা।
কলকারখানা ও অনেক অফিস খোলা থাকায় ঢাকার সড়কে ব্যক্তিগত গাড়ির চাপ বেড়েছে। গণপরিবহণ চলাচল বন্ধ থাকলেও বেড়েছে সিএনজিচালিত অটোরিকশার চলাচল। গলির রিকশা উঠে এসেছে প্রধান সড়কে। লকডাউনের ঘোষণার পরে ঘরমুখো মানুষের ভিড় এখনও কমেনি। রাজধানীর বিমানবন্দর সড়ক, গাবতলী বাস টার্মিনাল, চিটাগং রোডে যানজটে রয়েছে বাড়ি ফেরা মানুষ।
এদিকে, লকডাউনের সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছে নগরবাসী। সকাল থেকে নিয়ম মেনে খুলেছে নিত্যপণ্য ও ওষুধের দোকানপাট। রেস্তোরাঁগুলো খোলা হলেও ভেতরে বসে খেতে পারছে না কেউ।
এর আগে, সারাদেশে এক সপ্তাহের লকডাউন আজ সোমবার (৫ এপ্রিল) সকাল ৬টা থেকে শুরু হয়েছে, চলবে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত। রবিবার দুপুরে সারাদেশে এক সপ্তাহের লকডাউন দিয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।