প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। তাই জনস্বার্থে ঝুঁকি মোকাবেলায় কঠোর বিধিনিষেধ আরো এক সপ্তাহ বাড়িয়েছে সরকার।
মঙ্গলবার (৬ জুলাই) সকালে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় সবাইকে লকডাউনে ঘরে থাকার আহ্বান জানান তিনি।
প্রতিদিনই করোনার সংক্রমণ ও মৃত্যুর হার বৃদ্ধি পাচ্ছে, সারাদেশেই ছড়িয়ে পড়েছে সংক্রমণ, হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ‑ এসব তথ্য তুলে ধরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনস্বার্থ এবং জনস্বাস্থ্য সুরক্ষা ও ঝুঁকি মোকাবিলায় শেখ হাসিনা সরকার চলমান কঠোর বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়িয়েছেন। এ অবস্থায় অসহায় ও খেটে খাওয়া মানুষের আর্থিক এবং খাদ্য নিরাপত্তায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। আসন্ন ঈদে প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।
তিনি আরও বলেন, দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের মানবিকতা ফুটে ওঠে। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, যে কোনও মহামারি রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা। করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে সকলের সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে।