লক্ষ্মীপুরে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বন্ধন আহমেদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেলে সদর উপজেলার বাদামতলী এলাকায় লক্ষ্মীপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে তিনি দুর্ঘটনায় আহত হন। ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।
বন্ধন লক্ষ্মীপুর পৌরসভার মুক্তিগঞ্জ এলাকার সৌদি আরব প্রবাসী শ্যামল আহমেদের ছেলে।
স্থানীয়রা জানায়, ২০ দিন হলো বন্ধন বিয়ে করেছে। ঘরে তার নতুন বউ। ঘটনার সময় এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে তিনি জকসিন বাজারের দিকে যাচ্ছিলেন। তিনি নিজেই মোটরসাইকেল চালাচ্ছিলেন। ঘটনাস্থল পৌঁছলে সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। তার বন্ধুও আহত হয়েছেন। পরে তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয় স্বজনরা। পরে পথেই তিনি মারা যান।
বন্ধনের ফুফা বেলাল হোসেন, ছেলেটি কিছুদিন হলো বিয়ে করেছে। তার স্ত্রীর হাতের মেহেদির রঙ এখনো যায়নি৷ এর মধ্যেই ছেলেটি মারা গেল। তার মৃত্যুতে পুরো পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, ঘটনাটি আমার জানা নেই। কেউ আমাদের জানায়নি।