লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যুবলীগ কর্মী রকি পণ্ডিত (৩৫) মারা গেছেন। মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দরবেশপুর ইউনিয়নের আলীপুর বাজারের পূর্ব মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রকি। তিনি দরবেশপুর ইউনিয়নের আলীপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ঘটনার সময় রকি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আলীপুর বাজারের পূর্ব মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। এতে রকির মাথা, হাতসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়।
খবর পেয়ে পুলিশ ও আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
পিকআপ ভ্যান ও মোটরসাইকেল থানা হেফাজতে আছে। ঘটনার পর পিকআপের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ওসি।