লালমনিরহাট পৌরসভার বিভিন্ন ভোটকেন্দ্রে দু’পক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে। রোববার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাট সাপটানা বাজার এলাকায় লালমনিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ভোটকেন্দ্রে নির্বাচনী সংঘর্ষে এক সংবাদিকসহ ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন-লালমনিরহাট পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও চলমান ভোটে প্রার্থী আব্দুস ছালাম, মো. হাবিব ,শাহ সুফি নামের একজন সাংবাদিক।
এদিকে বিভিন্ন কেন্দ্রে ইভিএমে ভোটগ্রহণ নিয়ে রয়েছে সাধারণ ভোটারদের বিরূপ প্রতিক্রিয়া। বর্ডার গার্ড পাবলিক স্কুল ও কলেজসহ অন্য দুই একটি ভোটকেন্দ্রের গোপন কক্ষে বিশেষ প্রতীকের লোকজন ভোট দিচ্ছে বলে অভিযোগ করছেন ভোটাররা। একই অবস্থা শহরের অন্য কেন্দ্রগুলোতে।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী লালমনিরহাট পৌরসভায় মোট ৪৭ হাজার ৭৬৯ জন, পাটগ্রাম পৌরসভায় ২১ হাজার ৮৫৪ জন ভোটার রয়েছেন। দুটো পৌরসভায় মোট ৩৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর জানান, জেলার দুটি পৌরসভায় সুষ্ঠভাবে ভোটগ্রহণ চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে স্বাভাবিক। ভোটাররা তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করছে।