লা লিগায় রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে কষ্টার্জিত জয়ে টেবিল টপার অ্যাতলেতিকোর কাছে বার্সেলোনা।
১-০ গোলে জয় পেয়েছে লিওনেল মেসির বার্সা। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে এভারটন। উলভারহ্যাম্পটনকে ৩-২ গোলে হারিয়ে টেবিলের চার নম্বরে উঠলো ওয়েস্টহ্যাম।
আন্তর্জাতিক ম্যাচের বিরতির পর মাঠে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বার্সেলোনা। ক্যাম্প ন্যুয়ে ম্যাচের শুরুতে থেকে কাতালানদের চাপে রাখে তলানির দল ভায়াদলিদ।
তবে ৭৯ মিনিটে দশ জনে পরিণত হলে ছন্দ হারায় সফরকারীরা। ৯০ মিনিটে বার্সার জয়সূচক গোলটি করেন উসমান দেম্বেলে। লা লিগায় টানা ষষ্ঠ জয়ে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে ব্যবধান ১ পয়েন্ট কমিয়ে আনলো কাতালানরা। এই নিয়ে টানা ১৯ ম্যাচ অপারিত রোনাল্ড কুমানের দল।