লুটপাটের টাকা জোগান দিতেই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার বিদ্যুতের দাম বৃদ্ধির পায়তারা করছে বলে অভিযোগ তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার (২০ মে) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমন অভিযোগ করেন তিনি। সয়াবিন তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির পাঁয়তারার প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতি।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ‘বাজারে সকল কিছুর দাম যখন বাড়তি, জনজীবন নাকাল হয়ে পড়েছে, তখনই সিন্ডিকেটের মাধ্যমে বাজার থেকে সয়াবিন তেল নাই করে দিয়ে তেলের দাম বাড়িয়ে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে সরকার।’
সরকারের মন্ত্রীরা এখন সয়াবিনের বিকল্প ব্যবহারের নসিহত দিচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের মাঝে পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবনার অর্থ হলো খুচরা পর্যায়ে দাম বাড়ানোর যৌক্তিকতা তৈরি করা এবং তা বহুগাণিতক হারে সকল পণ্যের দাম বাড়াবে।
নিজেদের পোষ্য লোকদের সুবিধা দেওয়ার জন্য বারবার মেয়াদ বাড়িয়ে কুইক রেন্টাল কোম্পানিগুলিকে বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ দিচ্ছে। এই অব্যাহত লুটপাটের টাকা জোগান দিতেই উপর্যুপরি বিদ্যুতের দাম বৃদ্ধি করছে সরকার।
গণসংহতি আন্দোলনের শীর্ষ এই নেতা বলেন, ‘একদিকে জনজীবনে নাভিশ্বাস উঠেছে অপরদিকে বছরে প্রায় লক্ষাধিক টাকা বিদেশে পাচার করছে সরকার। এই গণবিরোধী সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। নিজেদের জীবন-জীবিকা ও অধিকার রক্ষা করতে হলে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তুলে সংগ্রামের মাধ্যমে এই মানুষমারা সরকারকে ক্ষমতা থেতে টেনে নামাতে হবে। বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।’
বিক্ষোভ সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বারংবার সিন্ডিকেট দাম বাড়ালেও সরকার তাদের চিহ্নিত করে নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার মানে এই সরকার সিন্ডিকেটের মূল হোতা। জনগণের পকেট কেটে তারা বিদেশে অর্থপাচার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছে। এই লুটেরা সরকার জনগণের জীবন নিয়ে চিন্তিত নয়। জন প্রতিরোধে এই গণবিরোধী সরকারকে বিদায় জানাবার সময় এসেছে। তার জন্য প্রস্তুত হোন।
বাংলাদেশ বহুমুখী শ্রমজীবী ও হকার সমিতির সভাপতি বাচ্চু ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মনিরুদ্দীন পাপ্পু, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আলিফ দেওয়ান, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির প্রচার সম্পাদক দীপক রায় প্রমুখ।