শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধিঃঃ বগুড়ার শাজাহানপুরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকান্ডে দুই মুদিদোকান ভস্মিভূত হয়েছে। এতে করে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত দোকান মালিক।
মঙ্গলবার ভোরে উপজেলার মাদলা বাজারে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
অগ্নিকান্ডের খবরে পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে ঘটনাস্থলে ছুটে যান উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহবার হোসেন ছান্নু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী, ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলু, মাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী মন্ডল প্রমুখ।
এসময় ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের নগদ আর্থিক সহায়তার পাশাপাশি উপজেলা পরিষদ থেকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা চেয়ারম্যান ছান্নু।
স্থানীয়রা জানান, মাদলা বাজারের ভাই ভাই স্টোর এবং হেলাল স্টোর নামে পাশাপাশি দুই মুদিদোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।
হেলাল স্টোরের মালিক হেলালুর রহমান জানান, ভোর সাড়ে ৬টার দিকে ভাই ভাই স্টোরের মালিক সুশান্ত কুমার কুন্ডুর ফোন পেয়ে এসে দেখেন আগুনের লেলিহান শিখায় তার দোকান ভস্মিভূত হয়ে গেছে। এতে করে তার ৪০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে।
ভাই ভাই স্টোরের মালিক সুশান্ত কুমার কুন্ডু জানান, বাজারের পাশেই তার বাড়ি। স্থানীয় লোকজনের দেয়া খবর পেয়ে দোকানে এসে দেখেন স্থানীয় লোকজন আগুন নেভানের চেষ্টা করছেন। কিন্তু কোন অবস্থাতেই আগুন নেভানো যায়নি। দমকল বাহিনী আসার আগেই দোকানের সমস্ত মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়। এতে করে প্রায় ৯০ লক্ষাধিক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তার দোকানে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান তিনি।
থানার ওসি আজিম উদ্দীন জানান, খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।