গা ঘেষে মুখোমুখি হওয়া ও উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনায় সাজা দেওয়া হলো ব্লেসিং মুজারাবানি ও তাসকিন আহমেদকে। ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে দুজনকেই। সঙ্গে তাদের নামে পাশে যোগ করা হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।
টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারের ঘটনা। মুজারাবানির বলে চোখ ধাঁধানো এক অফ ড্রাইভে চার মারেন তাসকিন। পরের বলটি জিম্বাবুয়ের পেসার করেন শর্ট অফ লেংথ। পিচ করে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়েও ছেড়ে দেন তাসকিন। এরপর হাত আর শরীর বাঁকিয়ে খানিকটা ‘ডান্স মুভ’ দেখান তিনি।
মুজরাবানি তখন এগিয়ে গিয়ে কিছু একটা বলেন। জবাব দিতে একটুও সময় নেননি তাসকিন। এগিয়ে গিয়ে তিনি ছোঁড়েন কথার তীর। পরের মুহূর্তেই দুজন মুখোমুখি, এতটাই কাছাকাছি যে তাসকিনের হেলমেটের গ্রিলে মুখ ঠেসে দাঁড়ান মুজারাবানি। বাক্য বিনিময় চলে। এরপর ব্যাটিং ক্রিজে ফিরে যাওয়ার আগে তাসকিন এমন চোখে তাকান, যেন চোখ দিয়ে ঠিকরে বের হচ্ছে আগুন।
এমন কাণ্ডে দুজন আচরণবিধির প্রথম পর্যায়ের অপরাধ করেছেন বলে জানিয়েছে আইসিসি। ধারা ২.১.১২ অনুযায়ী, ম্যাচ সংশ্লিষ্ট কারও সঙ্গে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শে জড়ালে এমন শাস্তি হওয়ার কথা। জরিমানার সঙ্গে দুজনকে দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্টও।
অন-ফিল্ড আম্পায়ার মারাইস এরাসমাস, ল্যাংটন রুসেরে, টিভি আম্পায়ার আইনো চাবির দেওয়া অভিযোগের ভিত্তিতে তাঁদের এ শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। শাস্তি মেনে নিয়েছেন তাসকিন ও মুজারাবানি দুজনই। ফলে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।