ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রাসহ ইয়াছিন মিয়া নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক ইয়াছিন মিয়ার বাসা পুরান ঢাকার লালবাগে। তিনি মাসে ৪-৫ বার দুবাই-বাংলাদেশ যাতায়াত করেন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল রবিবার রাতে আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জে ৫নং বোডিং ব্রিজের কাছ থেকে তাকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে। যাত্রীর সঙ্গে ইউনাইটেড আরব আমিরাতের রেসিডেন্ট আইডেন্টিটি কার্ড পাওয়া গেছে।
সোমবার দুপুরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম ঢাকাটাইমসকে এসব তথ্য জানান।
উদ্ধারকৃত বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে- ১ হাজার ৬৫০ গ্রেট ব্রিটেন পাউন্ড, ২ হাজার বাহরাইন দিনার, ৪০০ মার্কিন ডলার, ৬ হাজার ৩০০ ওমান রিয়াল, ৪০ হাজার সৌদি রিয়াল, ১০০ কুয়েতি দিনার, ৩ হাজার ৩৭৫ এমিরেটস দিরহাম এবং ৫৯ হাজার ৬৪০ বাংলাদেশি টাকা। বাংলাদেশি টাকায় মোট মূল্যমান দাঁড়ায় ৩৪ লাখ ৯৮ হাজার ২ টাকা।
শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদ আসে যে ঢাকা থেকে সারজাগামী বিমান বাংলাদেশ এয়ার লাইন্সের একটি ফ্লাইটে (বিজি ৩৫১) করে একজন যাত্রী বৈদেশিক মুদ্রা পাচার করছে। এই তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল আন্তর্জাতিক বহির্গমন লাউঞ্জে ৫নং গেটে অবস্থান নেয়।
পরে রাত নয়টার দিকে সন্দেহভাজন যাত্রী ইমিগ্রেশন পার হয়ে বিমানে ওঠার প্রস্তুতি নিলে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা ৫নং বোডিং ব্রিজের কাছ থেকে ইয়াছিন মিয়াকে বৈদেশিক মুদ্রাসহ আটক করে।
অভিযানে নেতৃত্বদানকারী কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী গণমাধ্যমকে বলেন, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যাত্রী নিয়মিত বৈদেশিক মুদ্রা পাচারের বিষয়টি স্বীকার করেছেন।
আটক যাত্রীর নামে বিমানবন্দর থানায় একটি অর্থ পাচার মামলা করা হয়েছে বলে জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এই কর্মকর্তা।