হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন ব্র্যান্ডের নামি দামি সাড়ে ৩০০ মোবাইল ফোন এবং দেড় কেজি স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম।
দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইন্সের ইকে৫৮৪ বিমানযোগে রাত ৯ টা ২০ মিনিটে এক যাত্রী শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এরপর গোপন সংবাদের ভিত্তিতে ওই যাত্রীকে শনাক্ত করা হয়। তার কাছে থাকা ৬টি লাগেজে ২৭৩টি আইফোন, সামস্যাং নোট২০,গুগল পিক্সেলসহ প্রায় সাড়ে ৩ শতাধিক মোবাইল ফোন পাওয়ায় যায়। এছাড়া যাত্রীর কাছ থেকে প্রায় ১ কেজি ৬০০ গ্রাম স্বর্ণালংকার এবং সোনারবার পাওয়া যায়।
অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও সোনারবারের আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ কোটি টাকা। যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে।