বেসরকারি স্কুল, কলেজ বা মাদরাসার কোনও শিক্ষককে ৬ মাসের বেশি সাময়িক বরখাস্ত করে রাখা যাবে না উল্লেখ করে রায় দিয়েছেন হাইকোর্ট। এই সময়ের বেশি বরখাস্ত করে রাখলে ওই আদেশ বাতিল বলে গণ্য হবে জানিয়েছেন আদালত। অর্থাৎ, সাময়িক বরখাস্তের মেয়াদ ৬ মাসের বেশি সময় অতিক্রম করলে সয়ংক্রিয়ভাবে তিনি চাকরিতে পুনর্বহাল হবেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক রুল নিষ্পত্তি করে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।
১৪ বছর আগে মাগুরা উপজেলা সদরের বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বাদশা মিয়াকে অতিরিক্ত বেতন নেওয়ার অভিযোগে ২০০৭ সালে সাময়িক বরখাস্ত করা হয়। দীর্ঘদিন ওই শিক্ষকের অভিযোগের নিষ্পত্তি না করায় ২০১৭ সালে তিনি হাইকোর্টে রিট দায়ের করেন। পরে আদালত এ বিষয়ে রুল জারি করেন। সেই রুল নিষ্পত্তি করে রায় দিলেন হাইকোর্ট।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।