শেরপুরের নকলায় ট্রাকচাপায় আলেয়া আক্তার নামে ৬ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। বুধবার দুপুরে নকলা-নালিতাবাড়ী সড়কের ধনাকুশা পুরাতন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলেয়া স্থানীয় আনােয়ার হােসেনের মেয়ে।
জানা যায়, বুধবার বেলা ১২টার দিকে শিশু আলেয়া ধনাকুশা এলাকায় নকলা-নালিতাবাড়ী সড়ক পার হওয়ার সময় নকলা থেকে ছেড়ে যাওয়া ইটভাটার শ্রমিক বহনকারী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশু আলেয়া। পরে স্থানীয়রা নালিতাবাড়ী থানায় খবর দিলে ঘাতক ট্রাক ও এর চালককে আটক করে পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মােহাম্মদ মুশফিকুর রহমান জানান, ঘাতক ট্রাকটিকে চালকসহ আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে।