কুমিল্লার দেবিদ্বারে শোক দিবসের র্যালিতে কে আগে যাবেন, কে পরে যাবেন এই নিয়ে মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীর মাঝে মারামারির অভিযোগ উঠেছে। সোমবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। বিকালে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, সকাল সাড়ে ১০টায় দেবিদ্বার উপজেলা প্রাঙ্গণ থেকে শোক দিবসের র্যালি বের হয়। ঠিক ওই সময় র্যালির পেছনে হঠাৎ মহিলা আওয়ামী লীগের নেত্রীদের মধ্যে কে আগে যাবেন কে পরে যাবেন এই নিয়ে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, বাগবিতণ্ডার একপর্যায়ে দেবিদ্বার উপজেলা যুব মহিলা লীগের সদস্য লিলি আক্তারের ওপর হামলা করেন আরেক নেত্রী সুমি আক্তার। এ সময় তার সঙ্গে অন্যরাও যোগ দেন।
ঘটনার সময় পাশেই ছিলেন কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা ও সদস্য বিথি আক্তার।
র্যালিতে সামনের দিকে ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউএনও আশিক উন নবী তালুকদার ও থানার ওসি কমল কৃষ্ণ ধর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি বাবুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
এ বিষয়ে দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ দাবি করেন, আমিসহ নেতাকর্মীরা মিছিলের সামনে ছিলাম। পিছনে কী হয়েছে জানি না। মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন ঘটনার সময় পাশে ছিলেন। উনি ভালো বলতে পারবেন।
বিষয়টি নিয়ে কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শিরিন সুলতানা বলেন, আমরা থানায় যাচ্ছি। পরে আপনাদের ঘটনার বিস্তারিত জানাবো।
দেবিদ্বার থানার ওসি কমল কৃষ্ণ ধর গণমাধ্যমকে বলেন, এখনও এমন কোনও লিখিত অভিযোগ হাতে আসেনি। লিখিত অভিযোগ পেলে বিস্তারিত জেনে ব্যবস্থা নেওয়া হবে।