শ্যালক খোরশেদকে ওয়ান শুটারগান দিয়ে ফাঁসাতে গিয়ে সঙ্গীসহ গ্রেপ্তার হয়েছেন দুলাভাই রাহেদুল। গ্রেপ্তারকৃতরা হলেন মেহেরপুরের গাংনী উপজেলার মুন্দা গ্রামের জাহাঙ্গির আলমের ছেলে রাহেদুল ইসলাম (২২) ও জাকিরুল ইসলামের ছেলে মুসতাকিন (১৮)। বৃহস্পতিবার (১৮ মার্চ) গভীর রাতে গাংনীর দেবীপুর গ্রাম থেকে অস্ত্রসহ পুলিশ গ্রেপ্তার করে তাদের।
গাংনী থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার রাহেদুল ইসলামের সঙ্গে দেবীপুরের খোরশেদ আলমের বোনের সাত বছর আগে বিয়ে হয়। রাহেদুলের অসঙ্গতিপূর্ণ চলাচলের জন্য মাস তিনেক আগে খোরশেদ বোনকে বাড়িতে নিয়ে আসে। এতে রাগান্বিত হয়ে খোরশেদকে ফাঁসাতে তার ঘরে আগ্নেয়াস্ত্র রেখে পুলিশে খবর দেয় রাহেদুল ও তার সঙ্গী। কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র রাখা রাহেদুল ও তার সঙ্গীকে ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান, দু’জন সোর্সকে কৌশলে জিজ্ঞাসাবাদে আগ্নেয়াস্ত্র রাখার বিষয়টি জানার পর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। দু’জনের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।