সিরাজগঞ্জের এনায়েতপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে শুরু হওয়া দুই পক্ষের মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। নিহত ব্যবসায়ী হাজি আহসান আলী (৫৯) সৈয়দপুর গ্রামের মৃত শীতল প্রামানিকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, শাহজাদপুর উপজেলার কৈজুরী গোপালপুর গ্রামের বক্কার প্রামানিকের সাথে তার ভাই আমোদ আলী প্রামানিকের দীর্ঘদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার সালিস-বৈঠকও হয়েছে। হঠাৎ বুধবার সন্ধ্যায় এনায়েতপুর থানার সৈয়দপুরে বক্কার গ্রুপের লোকজন আমোদ আলীর ছেলে ফজলুল হককে বেদম মারধর শুরু করে। খবর পেয়ে তার ফুফা হাজি আহসান আলী প্রতিপক্ষকে থামাতে গেলে তাকেও লাঠি দিয়ে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং আহত হয় আরো অন্তত পাঁচজন। খবর পেয়ে রাতেই পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে লাশ সিরাজগঞ্জ মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় নিহতের ছেলে হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।
এনায়েতপুর থানার ওসি আতাউর রহমান জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখার পাশাপাশি আসামিদের দ্রুত আটক করতেও তৎপরতা চালানো হচ্ছে। এদিকে এলাকার সর্বজন শ্রদ্ধেয় সরলপ্রাণ আহসান আলীকে হত্যার ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের শাস্তির আওতায় আনার দাবি জানায়।