শেরপুর প্রতিনিধি; শেরপুরের ঝিনাইগাতীতে একটি ঘর ভিক্ষা চাওয়া ষাটোর্ধ দিনমজুর মো. হেলাল মিয়ার বসতভিটা পরিদর্শন করেছেন ইউএনও রুবেল মাহমুদ। গত ৮ মে বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘একটা ঘর ভিক্ষা চান হেলাল!’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পর অতিরিক্ত সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেনের নজরে আসে।
এর পর প্রকল্প পরিচালকের নির্দেশে মঙ্গলবার (১১ মে) দুপুরে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে গিয়ে হেলালের বসতভিটা পরিদর্শন ও তার পরিবারের খোঁজ-খবর নেন তিনি।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন কবির ও মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল মাহমুদ বলেন, মুজিববর্ষে কোনো পরিবার গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এমন দিক নির্দেশনায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। হেলালকে নিয়ে প্রকাশিত সংবাদটি প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প-২ এর প্রকল্প পরিচালক (পিডি) মাহবুব হোসেন স্যারের নজরে আসার পর সরেজমিনে পরিদর্শন করে আমাকে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দেন। পরবর্তী নিদের্শনা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।