জনপ্রশাসনে পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত সচিব থেকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পদোন্নতি দিয়ে তাদের বিভিন্ন স্থানে পদায়ন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. মাহবুব হোসেনকে দুর্নীতি দমন কমিশনের সচিব করা হয়েছে।
জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের অতিরিক্ত সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দারকে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের সচিব করা হয়েছে।
রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. মো. হুমায়ুন কবীরকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান এ. বি. এম. আমিন উল্লাহ নুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে একই পদে নিয়োগ করা হয়েছে।
এছাড়া বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. সাইফুল হাসান বাদলকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব করা হয়েছে।