দীর্ঘ ৩১ বছর বাঙালি জাতিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। তিনি বলেছেন, সঠিক ইতিহাস জানলে বিএনপি-জামায়াতের মিছিলে লোক যেত না, জনসমাগম হতো না।
বৃহস্পতিবার (১৭ অগাস্ট) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগরভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।
১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধু ১০ ই জানুয়ারি দেশে ফিরে বলেছিলেন, রাজনৈতিক স্বাধীনতা ব্যর্থ হয়ে যাবে যদি আমি অর্থনৈতিক মুক্তি দিতে না পারি। অর্থনৈতিক মুক্তি দেওয়ার জন্য যখন তিনি দ্বিতীয় বিপ্লবের ডাক দিলেন, ঠিক সেই মুহূর্তেই তাকে হত্যা করা হলো।
তিনি বলেন, প্রজন্মের পর প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে দেওয়া হলো না। যদি মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানত, তাহলে বিএনপির মিছিলে লোক যেত না। ছাত্রদল কেউ করত না। যুবদল করার প্রশ্নই আসে না। জামায়াতে ইসলামের আয়োজনে জনসমাগম হওয়ার কথা নয়।
আমু বলেন, স্বাধীনতাবিরোধী শক্তি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলবে, সেই আয়োজনে জনসমাগম হওয়ার কথা নয়। কিন্তু ৩১ বছর একটানা পাকিস্তানের ২৩ বছরের যে ইতিহাস সেটা পড়ানো হয়েছে, তাতে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে দেওয়া হয়নি, বুঝতে দেওয়া হয়নি। কীভাবে দেশটা স্বাধীনতা লাভ করলো সেটা জানতে দেওয়া হয়নি। তাই আমাদের দেশে নতুন প্রজন্মের একাংশ পথভ্রষ্ট, বিপথগামী।
বাঙালিকে স্বাধীনতা এনে দেওয়ার প্রতিহিংসায় সেদিন এ হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতাকে যারা সহ্য করতে পারেনি, সেই স্বাধীনতার যারা পরাজিত শক্তি তারা প্রতিহিংসা চরিতার্থ করতে একটি প্রতিবিপ্লব সংগঠিত করলো। বাংলাদেশকে স্বাধীন করার অপরাধে সেদিন জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট কালরাতে এই হত্যাকাণ্ডের মাধ্যমে দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত পূর্ণতা পেয়েছিল।