বাড়ির পাশে আড়াই বছরের শিশু সন্তানকে গোসল করাতে নিয়ে গিয়েছিলেন মা মাসুমা বেগম। কিন্তু হঠাৎ হাত ফসকে ছেলে তলিয়ে যায় পুকুরে। তাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেছে মা মাসুমার। সেই সঙ্গে সন্তানেরও।
বুধবার (২০ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালি উপজেলার পুঁইছড়ি এলাকায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। মাসুমা অটোরিকশাচালকের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সন্তানকে গোসল করানোর সময় হাত ফসকে পানিতে পড়ে যায়। তাকে উঠাতে গেলে মাসুমা নিজেও ডুবে যান। সাঁতার না জানায় কেউই উঠতে পারেনি। তাদের মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাঁশখালি থানার ওসি কামাল হোসেন জানান,মাসুমা তার সন্তান বোরহানকে গোসল করাতে গিয়ে দুজনই পানিতে ডুবে মারা যায়। তাদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্থানীয় কবরস্থানে তাদের দাফন করা হয়েছে।