টানা ব্যর্থতায় ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। সবশেষ আট টি-টোয়েন্টির আটটিতেই পরাজয়। শেষ ১২ টেস্টে মাত্র দুই জয়, তাও প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এমন সময়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসর শুরু করতে যাচ্ছে টাইগাররা। যেখানে প্রতিপক্ষ শক্তিশালী পাকিস্তান।
দলের এমন ব্যর্থতায় সমালোচনার পাল্লাও দিনকে দিন ভারী হচ্ছে। সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছে ক্রিকেটাররা। তবে এসবে কান দিতে চাচ্ছেন না টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সমালোচকদের মুখ বন্ধের বদলে নিজেদের কান বন্ধ করতে চাচ্ছেন এই ক্রিকেটার।
চট্টগ্রাম টেস্ট পূর্ববর্তী সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, ‘বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’
‘নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।’- তিনি যোগ করেন।
নিজেদের কান বন্ধ করলে ব্যর্থতার বৃত্ত থেকে বের হওয়া সম্ভব হবে কিনা তা জানা নেই। তবে এর মাঝেই আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে সিরিজের প্রথম টেস্ট। চট্টগ্রামের এই মাঠেই সাম্প্রতিক সময়ে খুব খারাপ সময় পার করতে থাকা বাংলাদেশ দল ঘুরে দাঁড়াতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন।