কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম গুলিতে নিহতের ঘটনায় এজাহারনামীয় দুজনসহ চার আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এই তথ্য জানান।
তিনি জানান, উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মধ্যে দুজনের নাম জানা গেছে। এরা হলেন- মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।
মামলার এজাহারে ফরহাদ ও পলাশের নাম রয়েছে বলে পুলিশ জানায়।
এদিকে গ্রেপ্তারকৃততের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের ৭ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গেল বুধবার রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার ভারত সীমান্তবর্তী হায়দারাবাদ এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সংবাদকর্মী মহিউদ্দিন সরকার নাঈম। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহত মহিউদ্দিন সরকারের মা নাজমা আক্তার বাদী হয়ে রাজুকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এ মামলায় অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়। এরপরই পুলিশ জেলার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে এজাহারনামীয় মো. ফরহাদ মৃধা ওরফে মনির হোসেন ও পলাশ মিয়া এবং সন্দিগ্ধ নুরু মিয়া ও সুজনকে গ্রেপ্তার করে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মনির ও পলাশ পূর্ব পরিকল্পনা অনুযায়ী প্রধান আসামি রাজুর সঙ্গে যোগসাজশে সংবাদকর্মী মহিউদ্দিন সরকারকে ঘটনাস্থলে নিয়ে যায় এবং হত্যাকাণ্ড শেষে মোটরসাইকেল রেখে পালিয়ে যায়।