ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে না ফেরার দেশে চলে গেলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শাশুড়ি এবং উম্মে শিশিরের মা নার্গিস বেগম। সাকিব ও শিশিরের পারিবারিক সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। শুক্রবার রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
সাকিব আল হাসান জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন তার শাশুড়ি অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। সেজন্য ওয়ানডে সিরিজ শেষ করে দেশে ফিরে এসেছিলেন বাঁ-হাতি অলরাউন্ডার। তবে বড় মেয়ে আলাইনা হাসানের স্কুল খুলে যাওয়ায় ১ এপ্রিল রাতে সাকিব যুক্তরাষ্ট্র ফিরে যান। কিন্তু মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে যেতে পারেননি তার স্ত্রী শিশির। ছোট মেয়ে ও ছেলেকে নিয়ে তিনি এখন বাংলাদেশে আছেন। এর আগে ২০২০ সালের ডিসেম্বরে তার শ্বশুর মুমতাজ আহমেদ যুক্তরাষ্ট্রে মারা যান।