অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের চুক্তি নিয়ে অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন তো হুঁশিয়ারি দিয়ে বলেছেন, চুক্তি থেকে সরে না এলে সাকিবের সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের সম্পর্ক শেষ হয়ে যাবে। সেইসাথে কোনোভাবেই এই চুক্তি মেনে নেওয়া হবে না জানিয়ে পাপন জানালেন, এই অলরাউন্ডার দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত, তাকেই নিতে হবে।
সাকিব ইস্যুতে আজ বৃহস্পতিবার দুপুরে ধানমন্ডির বেক্সিমকো অফিসে বৈঠকে বসেন বোর্ডের সভাপতি পাপনসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা। ক্রিকেট অপারেশন্স কমিটর চেয়ারম্যান জালাল ইউনূস, বিসিবি পরিচালক মাহবুব আনাম, এনায়েত হোসেন সিরাজরাও ছিলেন সেখানে। এ ছাড়াও প্রধান নির্বাচক মিনাহজুল আবেদীন নান্নু ও বিসিবি সিইও নিজাম উদ্দিন চৌধুরী এই বৈঠকে অংশ নেন।
বৈঠক শেষে এশিয় কাপের দল ঘোষণা ও সাকিব ইস্যুতে কথা বলেন পাপন। পাপন বলেন, ‘যার সাথে ব্যাটিংয়ের কোনো সম্পর্ক আছে, তার সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো সম্পর্ক থাকবে না। প্রশ্নই ওঠে না। যতক্ষণ পর্যন্ত ওর জবাব না পাব আর তাতে সন্তুষ্ট না হবো, ততক্ষণ পর্যন্ত ওকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই।’
‘আপনারা বলতে পারেন এটা তো নিউজ পোর্টাল। কিন্তু বেট উইনার তো জুয়ার অংশ। আমরা বলেছি সম্পর্কই থাকতে পারবে না। সাকিব দেশের জন্য খেলবে নাকি বেটিংয়ে থাকবে এটা তার সিদ্ধান্ত। এখানে বোঝানোর কিছু নেই।’
সাকিবের বিষয়ে কোনো আপসের সুযোগ নেই জানায় বোর্ড। পাপন বলেন, ‘কনভিন্স করার সুযোগই নেই। এটা নিয়ে আমি কোনো আলোচনাতেই যেতে রাজি না। ওরা বেটিং সাইটের সারোগেট, এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ওরা মূলত একটা বেটিং কোম্পানি যারা জুয়া, ক্যাসিনো, বেটিং এগুলো নিয়ে জড়িত। স্পষ্টভাবে বিসিবি জানিয়ে দেয়, কীসের কীসের সাথে সম্পর্ক থাকতে পারবে না।’
সম্প্রতি অনলাইন বেটিং সাইট বেটউইনারের অঙ্গপ্রতিষ্ঠান বেটউইনার নিউজের দূত হয়েছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় নাম সাকিব। এ নিয়ে গত ২ আগস্ট সাকিবের অফিসিয়াল ফেইসবুক পেজে বেটউইনার নিউজের প্রচার করা হয়।
আদতে স্পোর্টস নিউজ ওয়েবসাইট হলেও তাদের আয়ের মূল উৎস অনলাইন বেটিং। আর বাংলাদেশের আইন অনুযায়ী দেশে জুয়া নিষিদ্ধ। কারণ দেশে এখনও প্রচলিত আছে ১৮৬৭ সালে প্রণীত পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট। তাই কোনো প্রকার জুয়ার কার্যক্রম বা এর সঙ্গে সংশ্লিষ্টতা আইন বহির্ভূত কাজ বলেই বিবেচিত হয় বাংলাদেশে।
তাই সাকিবকে চুক্তি থেকে সড়ে আসতে চিঠি দেয় বিসিবি। সেটার জবাব গতকাল দেওয়ার কথা থাকলেও দেননি সাকিব। তবে আজকের মধ্যেই সাকিব জবাব দেবেন বলে জানিয়েছে বোর্ড।