সাগর থেকে ভেসে এলো বিশাল আকৃতির এক মৃত তিমি। শুক্রবার (০৯ এপ্রিল) দুপুরে তিমি মাছটি কক্সবাজারের হিমছড়ি সৈকতে ভেসে আসে। এটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমিয়েছেন। তিমি মাছটির মৃত্যুর কারণ অনুসন্ধানের দাবি স্থানীয়দের।
মৃত্যুর কারণ অনুসন্ধান ও সরিয়ে নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলে জানিয়েছে বনবিভাগ ও জেলা প্রশাসন।
কক্সবাজারের হিমছড়ি সৈকত। হঠাৎ করেই এখানে ভেসে আসে বিশাল আকৃতির একটি মৃত তিমি। যা পড়ে রয়েছে বালিয়াড়িতে। তিমি মাছটির পেটে রয়েছে ক্ষত চিহ্ন। ছড়াচ্ছে দুর্গন্ধ।
তিমি মাছটি দেখতে ভিড় করেন শত শত মানুষ। শুধু দেখা নয় তুলছেন ছবিও।
স্থানীয় ব্যবসায়ী আনোয়ার বলেন, হঠাৎ সৈকতে বিশাল আকৃতির কিছু ভেসে আসতে দেখে ছুটে যাই। গিয়ে দেখি বিশাল আকৃতির মৃত তিমি। এটি লম্বায় ৪৪ ফুট ও প্রস্থ ২৬ ফুট।
গিয়াস নামে আরেকজন বলেন, তিমিটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পেটের অংশে ফেটে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।
দেখতে আসা স্থানীয় আব্দুল কুদ্দুস রানা বলেন, তিমি মাছটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাই মৃত্যুর কারণ অনুসন্ধান করা দরকার।
তিমি ভেসে আসার খবরে বিকেলে ঘটনাস্থলে আসে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাখন চন্দ্র সূত্রধর বলেন, সবাইকে খবর দেয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা নিয়ে সন্ধ্যার মধ্যে সৈকত থেকে তিমিটি সরাতে ব্যবস্থা নেয়া হবে।
আর দক্ষিণ বন বিভাগের বিট কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, যেহেতু আঘাতের চিহ্ন রয়েছে, সেহেতু এটি ময়নাতদন্ত করা প্রয়োজন। এখন সার্জনকে খবর দেয়া হয়েছে ময়নাতদন্ত করার জন্য। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এর আগে ১৯৯১ সালে এ রকম একটি তিমি ভেসে এসেছিল কক্সবাজার সৈকতে।