সাতক্ষীরায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তিনজন।
রোববার রাত ১০টার দিকে সাতক্ষীরা-আশাশুনি সড়কের আলিয়া মাদ্রাসা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মনিরুজ্জামান মনি। তিনি সাতক্ষীরা শহরের রাজারবাগান এলাকার আব্দুস সালাম আমিনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, মনিরুজ্জামান মনি ও তার বন্ধু শান্ত মোটরসাইকেলে ধুলিহর এলাকা থেকে সাতক্ষীরা শহরে ফিরছিলেন।
রাত ১০টায় সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার কাছে পৌঁছলে বিপরীতমুখী ওপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুই মোটরসাইকেলের চারজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চারজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরে খুলনা নেওয়ার পথে মনি মারা যান। অন্যরা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।