ছোট ভাইয়ের স্ত্রী হত্যা মামলার আসামি আলম শরীফকে দীর্ঘ সাত বছর পর গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে ঢাকা থেকে বরিশাল নদী বন্দরে আসা যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বরিশাল এয়ারপোর্ট থানাধীন বাসায় বিলকিস বেগমের ভাসুর মো. আলম শরীফ বিলকিস বেগমের ব্যাংকের চেক চুরি করে সেখানে ১ লাখ টাকা লিখে এনে বিলকিসকে স্বাক্ষর করতে বলেন। এই নিয়ে একপর্যায়ে ভাসুর আলম শরীফ ও ছোট ভাই ছালাম শরীফ বাদশার স্ত্রী বিলকিসের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ভাতিজা ইমন শরীফ এর সামনে ধারালো অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে বিলকিসের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করে পালিয়ে যান আলম।
পরবর্তীতে বিলকিস বেগমকে প্রথমে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে ৫১ দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় বিলকিস বেগমের।
এ ঘটনায় বিলকিসের বাবা মফিজ উদ্দিন বাদী হয়ে একমাত্র আলম শরীফকে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। আলম শরীফ সেই থেকে দেশের বিভিন্ন স্থানে নিজের নাম পরিচয় ও ভোটার আইডি কার্ড পরিবর্তন করে পালিয়ে জীবনযাপন করছিলেন।
বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি জাহিদ বিন আলম জানান, সোমবার দুপুরে আলম শরীফকে আদালতে সোপর্দ করলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।