নওগাঁর সাপাহারে চালক বাবার ট্রলির চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার তিলনা ইউপির বাদ দোঁয়াশ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জোবায়ের হোসেন সাপাহার তিলনা দোয়াশ গ্রামের মো. নুর হোসেন ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, রোববার দোঁয়াশ গ্রামের মো. নুর হোসেন আমজাদ হোসেনের আমবাগানে ট্রলি রাখতে যান। পথে আশরাফের বাড়ির সামনে বাবার ট্রলিতে বসে যাওয়ার সময় অসাবধানতাবশত চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় জোবায়ের।
সাপাহার থানার ওসি তারেকুর রহমান বলেন, শিশুটির মরদেহ সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে রাতেই হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে সাপাহার থানায় একটি জিডি করা হয়েছে।