ঢাকার সাভার এলাকা থেকে ভুয়া প্রতিষ্ঠানে চাকরির ফাঁদ পেতে প্রতারণার অভিযোগে চারজনকে আটক করেছে র্যাব।
আটককৃতরা হলেন- নুসরাত জাহান সিনথিয়া (২১), মো. আমিরুল ইসলাম (৪০), মো. ফাহিম রহমান (২২), মো. দুলাল মিয়া (২৮)।
মঙ্গলবার ওই এলাকার ‘আল হামি সিকিউরিটি লিমিটেড’ নামক একটি ভুয়া কোম্পানি থেকে তাদের আটক করা হয়। এ সময় চাকরিপ্রার্থী আট ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
বুধবার র্যাব-৪ এর এএসপি (মিডিয়া) জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আল হামি সিকিউরিটি লিমিটেড’ নামক একটি ভুয়া কোম্পানি মানুষের কাছ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেয়ার নামে প্রতারণার ফাঁদ পাতে। সেই ফাঁদে পা দিয়েছেন অনেকেই। এতে আনুমানিক ৫০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারকরা। এমন অভিযোগে প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, চারটি নিয়োগ বিজ্ঞপ্তি ফরম, ৪০টি চাকরির ভর্তি ফরম, ১০টি চাকরির আবেদন ও ভর্তির ফরম, সাতটি যোগদানপত্র, তিনটি আবেদনপত্র, সাতটি অঙ্গীকারনামা, চারটি চাকরিপ্রার্থীর জীবন বৃত্তান্ত ফরম, সাতটি রেজিস্ট্রার খাতা, একটি রিসিপশন স্টিকার, একটি কোম্পানির স্টিকার, দুটি টাকা জমার রসিদ, ছয়টি মোবাইল সেট, একটি প্রাইভেটকার ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, ‘আল হামি সিকিউরিটি কোম্পানি’ নামে একটি ভুয়া অফিস খুলে দীর্ঘদিন ধরে বিভিন্ন বয়সের বেকার লোকদের থেকে ব্যাংক, অফিস, এটিএম বুথ, হাসপাতাল, এসি মার্কেট, চাইনিজ রেস্টুরেন্ট, শো-রুম, অ্যাপার্টমেন্ট হাউজ, গার্মেন্টস ইত্যাদি প্রতিষ্ঠানে সিকিউরিটি গার্ড- এর চাকরি দেয়ার নাম করে টাকা হাতিয়ে নিতো প্রতারকরা।
এছাড়াও তারা অফিস সুপারভাইজার, সহকারী সুপারভাইজার, শো-রুমের গার্ড, সাধারণ গার্ড, কেয়ারটেকার, স্পেশাল নিরাপত্তাকর্মী, রিক্রুটিং মেয়ে, পিয়ন ইত্যাদি বিভিন্ন পদে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সহজ-সরল, অসহায়, বেকার , স্বল্প শিক্ষিত নারী-পুরুষ এবং চাকরি থেকে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের প্রতারিত করে আসছিল।