সাভার পৌরসভা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক অজ্ঞাতপরিচয় তরুণীর (১৯) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে এ তথ্য জানান সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী।
এর আগে সোমবার (২৭ জুন) রাত ৯টার দিকে শিমুলতলা এলাকার ইবনে সিনা হাসপাতালের সামনে থেকে ওই তরুণীর মরদেহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি।
হাসপাতালের কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সোমবার রাত ৯টার দিকে কয়েকজন লোক এক তরুণীকে আমাদের হাসপাতালে রেখে চলে যায়। পরে আমাদের চিকিৎসকরা দেখেন সেই তরুণী আগে থেকেই মৃত ছিল। এরপর আজ সকাল পর্যন্ত তরুণীর মরদেহ আমাদের হাসপাতালে আছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। নিহতের মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহিদ বলেন, নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিষয়টি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) জানানো হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করবে। এ বিষয়ে সাভার থানায় একটি মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।