বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মতিউর রহমান মতির মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
আজ মঙ্গলবার দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাইয়ের শেষদিনে তার মনোনয়ন বাতিল হয়।
রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ্ জানান, সরকারি চাকরি বিধিমালা অমান্যের অভিযোগে তার মনোনয়ন বাতিল করা হয়। ১৮ ডিসেম্বর রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের স্বাক্ষর করা সারিয়াকান্দি পৌরসভার বর্তমান মেয়র আলমগীর শাহী সুমনের নাম ঘোষণা করা হয়। পরদিন সকালেই তা পরিবর্তন করে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিকে দেয়া হয় মনোনয়ন।
এ নিয়ে রিটার্নিং কর্মকর্তা বরাবর মতির বিরুদ্ধে অভিযোগ করেন বর্তমান মেয়র। এ সংক্রান্ত তথ্য-প্রমাণসহ জেলা প্রশাসক বরাবর আগামী তিনদিনের মধ্যে মতিকে আপিল করার পরামর্শ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা।