হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন।
শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে শুটকি সেতুর কাছে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরও তিন যাত্রী গুরুত আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহতরা হলেন- আজমিরীগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মৃত রাজা মিয়ার ছেলে মজনু মিয়া (৪০) ও একই গ্রামের মৃত আব্দুল আওয়াল মিয়ার স্ত্রী ও নুর জাহান বেগম (৫০)।
জানা যায়, উপজেলার কাকাইলছেও থেকে পাঁচজন যাত্রী নিয়ে হবিগঞ্জের দিকে রওয়ানা দেয় অটোরিকশাটি। বানিয়াচং অতিক্রম করে শুটকি সেতুর কাছে যেতেই অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পিকআপের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান।
বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং থানার পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ।