সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অস্ত্র -গুলি রাখার দায়ে রেজাউল করিম (৩২) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনালের-৬ এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রেজাউল করিম উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি গ্রামের মৃত খলিল সরদারের ছেলে।
স্পেশাল ট্রাইব্যুনালের স্টেনোগ্রাফার নিহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে উল্লাপাড়া ও সলঙ্গায় অভিযান চালায় র্যাব-১২ এর সদস্যরা। উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ি একতা ক্লাব এলাকায় অভিযান চলাকালে রেজাউল করিমকে আটক করে র্যাব।
এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে এঘটনায় উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। মামলা চলাকালে ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত। সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত।