করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য সিরাজগঞ্জে পৌঁছাল তরল অক্সিজেনের তৃতীয় চালান। শনিবার (৩১ জুলাই) সকাল ৭টা থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে আসা বিশেষ ট্রেন থেকে অক্সিজেন খালাস শুরু হয়।
শুক্রবার (৩০ জুলাই) রাত দেড়টায় ‘অক্সিজেন এক্সপ্রেস’ নামের বিশেষ ট্রেনে করে ১০টি কন্টেইনারে করে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে পৌঁছায় বিশেষ ট্রেনটি।
এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশন মাস্টার ইসমাইল হোসেন বলেন, ট্রেন ইন্দ্রো বাংলা অক্সিজেন এক্সপ্রেস ট্রেনটি রাত ১টা ২০ মিনিটে স্টেশনে পৌঁছায়। এরপর বিকেলে খালাস শেষে ট্রেনটি আবার ভারতে ফেরত যাবে।
লিনডে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সিজেন খালাস শেষে তা সড়ক পথে লিনডের নারায়ণগঞ্জের রূপগঞ্জ কারখানায় নেয়া হবে। এরপর তা প্রক্রিয়াজাত করে দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
গত ২৫ জুলাই ও ২৮ জুলাই একই ট্রেনে করে ২০০ টন করে অক্সিজেন নিয়ে দেশে আসে ভারতীয় বিশেষ ট্রেন। এ নিয়ে এখন পর্যন্ত ভারত থেকে তিনটি চালানে ৬০০ টন অক্সিজেন দেশে এসেছে।