সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় বিদ্যুৎস্পর্শ চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। এ সময় দগ্ধ হন আরও তিনজন।
সোমবার সন্ধ্যায় উপজেলার মাগুরা বিনোদ ইউনিয়নের বিলনাদো গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— মর্জিনা খাতুন (৫০), ওই গ্রামের বাশি আকন্দের স্ত্রী এবং ভাতিজা রফিকুল ইসলাম (৩০) দেছের আকন্দের ছেলে।
দগ্ধরা হলেন— একই এলাকার সোহাগ (২৫), ইয়াসিন (৩২) ও শহিদুল (৩৫)।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম আতিকুল ইসলাম বুলবুল জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করেন দেছের আকন্দ ও বাশি আকন্দ। কিন্তু প্রতিবেশী আবুল কাশেম তার বাড়ির ওপর দিয়ে বিদ্যুতের তার নিতে বাধা দেয়। এ কারণে পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ দিতে এসেও ফিরে যায়।
সোমবার সন্ধ্যায় রফিক ও মর্জিনা বিকল্পভাবে বাড়িতে সংযোগ নিতে সিমেন্টের খুঁটি মাটিতে পোতাচ্ছিলেন। এ সময় ওপর দিক দিয়ে যাওয়া বিদ্যুৎতের তারে রফিক বিদ্যুৎস্পর্শ হন। মর্জিনা তাকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পর্শ হন। এতে ঘটনাস্থলেই চাচি ও ভাতিজার মৃত্যু হয়।
এ ছাড়া তাদের উদ্ধার করতে গিয়ে তিনজন দগ্ধ হন।
পরে পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে তাদের লাশ উদ্ধার করা হয়।