উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের যমুনা নদীর পানি দ্রুতগতিতে বৃদ্ধি পাচ্ছে। ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ১৫সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
প্রতিদিনই যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সদর, কাজিপুর, চৌহালী ও শাহজাদপুর উপজেলার চরাঞ্চল ও নদীতীরবর্তী এলাকা প্লাবিত হচ্ছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে এসব এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে পানি বৃদ্ধির কারণে নদী তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে। সেই সাথে তলিয়ে গেছে এসব এলাকার বীজতলা, সবজি বাগান, পাট ও তিলখেত।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, সোমবার (৫ জুলাই) সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীতে ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১১২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী কয়েকদিন এ পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমা অতিক্রম করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো: আব্দুর রহিম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারি বর্ষণে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত জেলার কোথাও বন্যা পরিস্থিতির অবনতি হয়নি। বন্যার জন্য আগাম প্রস্তুতি রয়েছে। বর্তমানে ৪২০মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ১৪ লক্ষ টাকা মজুদ রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।