চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের ৭ কর্মী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ফায়ার সার্ভিসের আরও ২১ জন কর্মী।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-সহকারী পরিচালক মো. শাহজাহান শিকদার।
নিহত সাত জনের মধ্যে মনিরুজ্জামান নামের একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তিনি কুমিরা ফায়ার স্টেশনে নার্সিং অ্যাটেনডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (৪ জুন) রাত ৮টার কিছু পর বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধসহ আহত হয়েছেন ২ শতাধিক।
এদিকে ভয়াবহ বিস্ফোরণে এখন পর্যন্ত আরও ৪২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আহত ১৩০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসায় অনেক রক্তের প্রয়োজন। দগ্ধদের সহায়তায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
এদিকে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে আহতদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিবেশ। চিৎকার, কান্না আর আহাজারিতে ভারী পুরো হাসপাতাল। হাসপাতালের সামনে হতাহতের স্বজনদের নিঃশ্বাসে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ।