সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের চার দিনের মাথায় নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সেনুয়ারা বেগম (২১) উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের চতুর্ভুজ গ্রামের উমর আলীর মেয়ে। রোববার (২ মে) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, গত ২৯ এপ্রিল একই ইউনিয়নের কাউকান্দি গ্রামের আব্দুল জলিল সুবলের ছেলে রায়হানের সঙ্গে সুনামগঞ্জে নোটারি পাবলিকের মাধ্যমে সেনুয়ারের বিয়ে হয়েছে। তাদের দুজনের প্রেমের সম্পর্ক ছিল।
বিয়ের পর সেুনায়ারা স্বামীর বাড়িতেই ছিলেন। রোববার দুপুরে স্বামী রায়হান ধান কাটার কাজে হাওরে চলে গেলে বউ শ্বশুর বাড়ির রান্নাঘরে কাজ করছিল। শাশুড়ি হঠাৎ অসুস্থতা অনুভব করলে বিশ্রামের কথা বলে তিনি পাশের রুমে গিয়ে শুয়ে পড়েন। কিছুক্ষণ পর পরিবারের লোকজন রান্নাঘরে গিয়ে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে সেনুয়ারার দেহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে বিষয়টি থানায় অবহিত করলে তাহিরপুর থানার এসআই নাজমুল হক ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন এবং সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেন। তাহিরপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এটি হত্যা না আত্মহত্যা তা বলা যাবে ময়নাতদন্ত রিপোর্ট আসার পর। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।